পাসপোর্ট ফেরত চেয়ে ইতালি গমন–ইচ্ছুকদের মানববন্ধনে পুলিশের হস্তক্ষেপ

 পাসপোর্ট ফেরত চেয়ে ইতালি গমন–ইচ্ছুকদের মানববন্ধনে পুলিশের হস্তক্ষেপ

ভিসা না পাওয়ায় পাসপোর্ট ফেরত চেয়ে ভুক্তভোগীরা মানববন্ধন করেন। তবে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এ ঘটনা ঘটে রোববার রাজধানীর গুলশান-১ এলাকায়।


পাসপোর্ট ফেরতের দাবিতে রাজধানীর গুলশান এলাকায় ইতালি গমন–ইচ্ছুক শতাধিক ব্যক্তি মানববন্ধন করেছেন। রোববার দুপুরে গুলশান-১ চত্বরে তাঁরা এ মানববন্ধন করেন, তবে পুলিশের বাধার মুখে পড়েন।



মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের দাবি, ইতালি যাওয়ার উদ্দেশ্যে তাঁরা গুলশানের ভিএফএস গ্লোবাল এজেন্সিতে পাসপোর্টসহ কাজের অনুমতিপত্র জমা দিয়েছিলেন। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও তাঁরা ভিসা পাননি এবং পাসপোর্টও ফেরত পাচ্ছেন না। এ কারণে এজেন্সির সামনে তাঁরা মানববন্ধন করেছেন।


মানববন্ধনে অংশ নেওয়া মো. সুমন নামের এক যুবক প্রথম আলোকে জানান, তিনি মালয়েশিয়ায় চাকরি করতেন এবং সেখান থেকে ইতালিতে যাওয়ার জন্য আবেদন করেছিলেন। ইতালির একটি কোম্পানি থেকে কাজের অনুমতিপত্রও পেয়েছিলেন। এ অবস্থায় দেশে ফিরে ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দিয়েছিলেন ভিসার জন্য। কিন্তু প্রায় এক বছর পার হলেও তিনি ভিসা পাননি এবং পাসপোর্টও ফেরত পাচ্ছেন না।



সুমনের মতো শতাধিক ভুক্তভোগী মানববন্ধনে অংশ নেন। তাঁদের অভিযোগ, ভিএফএস গ্লোবাল এজেন্সি তাঁদের সঙ্গে প্রতারণা করছে। ইতালীয় কোম্পানির নির্ধারিত সময়ের মধ্যে কাউকেই ভিসা দিচ্ছে না। ফলে লাখ লাখ টাকা ব্যয় করেও তাঁরা ইতালিতে যেতে পারছেন না।


মানববন্ধনে পুলিশি বাধা প্রসঙ্গে তাঁরা বলেন, যৌক্তিক দাবিতে তাঁরা গুলশানে শান্তিপূর্ণভাবে মানববন্ধন পালন করছিলেন, তখন পুলিশ তাঁদের বাধা দেয় এবং ব্যানার-ফেস্টুন কেড়ে নেয়।



এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, কূটনৈতিক এলাকায় অনুমতি না নিয়েই তাঁরা মানববন্ধন করছিলেন, তাই পুলিশ তাঁদের সরিয়ে দিয়েছে।

Post a Comment

Previous Post Next Post