শেয়ারবাজারেও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার দাবি করা হয়েছে

আওয়ামী লীগের এক সংসদ সদস্যের দাবি: সংসদ সদস্যদের আমদানি করা গাড়ির ওপর শুল্ক বসানোর প্রস্তাব পুনর্বিবেচনা করা হোক।

জাতীয় সংসদ ভবন

প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগকে সমর্থন করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সংসদ সদস্য। তাদের মধ্যে একজন সংসদ সদস্য শেয়ারবাজারেও কালো টাকা বিনিয়োগের মাধ্যমে সাদা করার সুযোগ দেওয়ার দাবি তুলেছেন।



আজ মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়েছে। এই অধিবেশনজুড়ে সংসদ সদস্যরা বাজেট নিয়ে আলোচনা করবেন।আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট ৬ জুন সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।



বাজেট আলোচনায় অংশ নিয়ে কালো টাকা সাদা করার প্রস্তাব নিয়ে ভিন্নমত পোষণ করেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত জামালপুর-১ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। তিনি উল্লেখ করেন, অতীতেও কালো টাকা সাদা করার সুযোগ ছিল। সরকার কর ফাঁকিদাতাদের বিশেষ সুবিধা দিলেও সৎ করদাতাদের সঙ্গে বৈষম্য করতে পারে না। ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বৈষম্যমূলক ও অনৈতিক।



দুই মাস ধরে শেয়ারবাজার নিম্নমুখী থাকার প্রেক্ষিতে নূর মোহাম্মদ শেয়ারবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার দাবি জানান। অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, "শেয়ারবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দিন।"



নূর মোহাম্মদ সংসদ সদস্যদের আমদানি করা গাড়ির ওপর শুল্ক বসানোর প্রস্তাব পুনর্বিবেচনা করার দাবি জানান। তিনি বলেন, "আমরা নতুন সংসদ সদস্য। এটি করতে পারেন, যাঁরা বিগত দিনে সংসদ সদস্য হয়েছেন তাঁদের ক্ষেত্রে, আমাদের (প্রথমবার নির্বাচিত) ক্ষেত্রে পুনর্বিবেচনা করতে পারেন।"



জামালপুর-১ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ আরও বলেন, "দুর্নীতি এখন সবচেয়ে বেশি উচ্চারিত হয়। এমন সব ব্যক্তির নাম সংবাদমাধ্যমে আসছে, যাতে আমাদের বিব্রত হতে হচ্ছে। বড় বড় পদে থেকে এত দুর্নীতি করা হয়েছে, যা বলে শেষ করা যাবে না।"



আওয়ামী লীগের সংসদ সদস্য আবু জাহির বলেন, অনেকেই সমালোচনা করছেন যে এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। বিএনপির আমলে অর্থমন্ত্রী সাইফুর রহমান নিজেই কালো টাকা সাদা করেছিলেন, এমনকি তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়াও কালো টাকা সাদা করেছিলেন। তিনি বলেন, বিএনপি ও এরশাদের আমলে বাজেট ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষ রাস্তায়ও বিক্ষোভ করত। এখন সেটা হয় না। এখন মানুষ উল্লাস দেখায় বলে তিনি দাবি করেন।



আওয়ামী লীগের সংসদ সদস্য নিলুফার আনজুম বলেন, ব্যাংকিং চ্যানেলে টাকা ফিরিয়ে আনার জন্য কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। বাজেটে এটি নতুন কিছু নয়। তিনি সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্ক বসানোর প্রস্তাবকে স্বাগত জানান এবং এটিকে যুগান্তকারী হিসেবে উল্লেখ করেন।



খেলাপি ঋণ আদায়ে সরকারকে মনোযোগী হতে বলেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, খেলাপি ঋণ আদায়ে মনোযোগ দিতে হবে। অনেকেই ঋণ নিয়ে বিদেশে টাকা পাচার করেন। এদিকে দৃষ্টি দেওয়া উচিত।



অন্যদের মধ্যে আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম কামাল হোসেন, নাইমুজ্জামান, হাবিবুন নাহার, তৌহিদুজ্জামান, এইচ এম ইব্রাহীম, আবুল কালাম আজাদ, মঈনুল হাসান খান, মাহবুব রহমান, স্বতন্ত্র সংসদ সদস্য হামিদুল হক খন্দকার প্রমুখ বাজেট আলোচনায় অংশ নেন।

Post a Comment

Previous Post Next Post